27.6 C
Chittagong
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিপিং করপোরেশনহরমুজ পারের অনুমতি পায়নি বিএসসির বাংলার জয়যাত্রা

হরমুজের ৩৫ মাইল দূরে অবস্থান করছে জাহাজটি

হরমুজ পারের অনুমতি পায়নি বিএসসির বাংলার জয়যাত্রা

চট্টগ্রাম ব্যুরো

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সুযোগে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। তবে জাহাজটি এখনো হরমুজ প্রণালীর ৩৫ মাইল দূরে অবস্থান করছে। আরও দু’য়েক দিন অপেক্ষা করবে অনুমতির জন্য; সর্বশেষ অনুমতি না পেলে জাহাজটি মধ্যপ্রাচ্যের শারজাহ বন্দরে ফিরে যাবে।

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৮টায় সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বাংলাদেশী পাতাকাবাহী জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে হরমুজের কাছাকাছি পৌঁছার পর অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে ইরানের আইজিআরসি। এরপর জাহাজটি সেখানে অবস্থান করছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, প্রাথমিকভাবে বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ চ্যানেল পার হওয়ার অনুমতি পায়নি। আমরা কূটনৈতিকভাবে অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছি। বর্তমানে আমাদের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদে রয়েছে। হরমুজ প্রণালীর ৩৫ মাইল দূরে অবস্থান করছে। আরও দুয়েকদিন অপেক্ষা করে দেখি, এরপরও অনুমতি না পেলে শারজাহ বন্দরে চলে যাবে।

বিএসসি সূত্র জানায়, বাংলাদেশি ৩১ জন নাবিক প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রাস আল খাইর বন্দর থেকে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছিলেন। হরমুজ পার হতে পারলে তাদের গন্তব্য হতো চার্টারারের ডিমান্ড অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিলের যেকোনো একটি বন্দর।

ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে ঢুকেছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে যায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় জাহাজটির খুব কাছেই একটি মিসাইল বা ড্রোন আঘাত হানে। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে নাবিকদের মধ্যে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজের পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে পণ্য বোঝাই করার শিডিউল ছিল। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও ঝুঁকির কারণে নিরাপদ আশ্রয়ে ফিরতে বাধ্য হয়।
এর আগে, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে বিএসসি।

জানা গেছে, ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। ৩৯ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি নির্মাণ করে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।
এমইউ/শিনি